২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩৮
৭ কলেজের ভর্তি আবেদন শুরু মঙ্গলবার
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি ৭ কলেজের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে মঙ্গলবার থেকে। এ প্রক্রিয়া চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।
বিজ্ঞান, বাণিজ্য এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তির আবেদন করা যাবে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতর সংলগ্ন আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ভর্তি প্রক্রিয়ার উদ্বোধন করবেন।
রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিস্তারিত তথ্য www.7collegedu.com ওয়েব সাইটে পাওয়া যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।