পুরনো কেন্দ্রীয় কারাগারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঢাবি ছাত্রের মৃত্যু!
রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে অনুসন্ধান ভবনের চারতলার ছাদে বিদ্যুতের তারের সঙ্গে স্পৃষ্ট হয়ে রাকিবুল হক সৌরভ বিজয় (২৫) নামের এক যুবক মারা গেছেন।
তাকে বাঁচাতে গিয়ে সারোয়ার আলম নামের পুলিশের বিশেষ শাখার (এসবি) এক কনস্টেবল আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
বিজয়ের বাড়ি নরসিংদী জেলার ভেলাব থানার ভাবলা গ্রামে। সে রাজধানীর মতিঝিল এলাকায় থাকতেন। তার ছোট ভাই আজিজুল হক শুভ জানান, সৌরভ বিজয় ঢাকায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে লেখাপড়া করতেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিজয় ঢাবির ২০১১-১২ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় সূর্যসেন হল শাখা ছাত্রদলের কর্মী ছিলেন।
বিজয়ের ছোট ভাই শুভ আরও জানান, বিজয় পুলিশের বিশেষ শাখার (এসবি) এক কনস্টেবলের বন্ধু। তার সঙ্গে দেখা করার জন্য কেন্দ্রীয় কারাগারে গিয়েছিলেন সৌরভ। সেখানে চারতলা ভবনের ছাদে উঠলে তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন।
পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।