ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী আইন সম্মেলন শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের উদ্যোগে ‘আইন, বিচার ও সমাজ’ শীর্ষক দু’দিনব্যাপী সিনিয়র এ্যাডভোকেট ওজায়ের ফারুক স্মৃতি আইন সম্মেলন শুরু হয়েছে।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সম্মেলন উদ্বোধন করেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বাংলাদেশের আইন পেশার উন্নয়নে প্রয়াত এ্যাডভোকেট ওজায়ের ফারুকের অসাধারণ অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এই সম্মেলন আইন বিষয়ক গবেষণার ক্ষেত্রে তরুণ শিক্ষাবিদদের জন্য কমন প্লাটফর্ম তৈরী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এই সম্মেলন শিক্ষাবিদ, আইনজীবী ও গবেষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এটর্নি জেনারেল এ্যাডভোকেট মাহবুবে আলম ও সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি জয়নুল আবেদিন। এছাড়া, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক ও ব্যারিস্টার মো. ইমতিয়াজ ফারুক বক্তৃতা করেন। আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ স্বাগত বক্তব্য দেন এবং আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, প্রয়াত ওজায়ের ফারুক সুপ্রীম কোর্টের সিনিয়র এ্যাডভোকেট ছিলেন। তিনি ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন এবং ২০০৭ সালে মৃত্যুবরণ করেন। দু’দিন ব্যাপী এই সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং মানবাধিকার কর্মীগণ অংশগ্রহণ করছেন।