১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪০

ছাত্রদলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ঢাবি সাদা দল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন না করায় আদালত অবমাননার মামলা হওয়ার পর ক্যাম্পাসে ‘সক্রিয়’ ছাত্রসংগঠনগুলোকে চিঠি দিয়ে আলোচনায় ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  রবিবার বেলা সাড়ে ১১টায় ভিসি অধ্যাপক মো. আখতারুজ্জামানের কার্যালয় সংলগ্ন আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এই সভা হবে বলে চিঠিতে জানানো হয়। 

এদিকে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে না থাকায় হঠাৎ করেই ক্যাম্পাসে আসায় ছাত্রদলের নেতৃবৃন্দকে যথাযথ নিরাপত্তা দেয়া হবে কিনা- এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ঢাবি সাদাদল।  নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংগঠনের একটি শীর্ষ প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আখতারুজ্জামানের সাথে দেখা করে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন।

শনিবার দুপুর দেড়টার দিকে ভিসির সাথে দেখা করেন ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, যুগ্ম আহ্বায়কদ্বয় অধ্যাপক ড. লুৎফর রহমান ও অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও অধ্যাপক আবুল কালাম সরকার।

পরে অধ্যাপক ওবায়দুল ইসলাম জানান, গণমাধ্যমে খবর বেরিয়েছে ছাত্রলীগ কালকের সভায় ছাত্রদলের কেউ অংশ নিলে আক্রমণ বা হামলা করতে পারে।  এমতাবস্থায় তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে উদ্বিগ্ন।  যে কারণে বিশ্ববিদ্যালয়ে ভিসি অধ্যাপক আখতারুজ্জামানকে উদ্বেগের বিষয়টি অবহিত করেছেন।  তবে কালকের সভার নিরাপত্তা নিশ্চিত করতে ভিসি সব ধরনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান ড. ওবায়দুল ইসলাম।