ঢাবিতে অভিভাবকসহ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীর অভিভাবকসহ কয়েকজন শিক্ষার্থীর উপর হামলার ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলায় জড়িত বলে অভিযোগ করেছেন আহতরা। আজ শনিবার দুপুরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী হামিদ হোসেন প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী’র কাছে এ অভিযোগ করেন।
অভিযোগ পত্রে বলা হয়, বুধবার রাত ১২টার দিকে ভর্তি পরীক্ষা দিতে আসা কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকসহ তথ্য ও গ্রন্থাগার ব্যবস্থাপনার মার্স্টাসের শিক্ষার্থী মনিরুল ইসলাম খোর্শেদ ও হামিদ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ঘুরতে যায়। এসময় জগন্নাথ হল ছাত্রলীগের কিছু নেতাকর্মীও মাতাল অবস্থায় সেখানে আসে। তারা হামিদদের চলে যেতে বলে। যেতে অস্বীকৃতি জানালে, প্রথমে বাকবিতণ্ডা ও পরে তাদের মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে মনিরের মাথা ফেটে যায় এবং অন্যরাও আহত হন। মনির ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ছিলেন।
অভিযোগ পত্রে, বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের সঞ্জয় সরকার জয়, সংগীত বিভাগের মেহেদী হাসান দিপু, নৃবিজ্ঞান বিভাগের আলক হাজং ও ইংরেজি বিভাগের মানস মণ্ডলকে প্রধান হামলাকারী হিসেবে চিহ্নিত করা হয়।
এর মধ্যে সঞ্জয় সরকার জগন্নাথ হল শাখা ছাত্রলীগের উপ বিতর্ক বিষয়ক সম্পাদক, মানস মণ্ডল উপ সেবা ও চিকিৎসা বিষয়ক সম্পাদক। মেহেদী হাসান দিপু ও আলক হাজং কর্মী।
হামলার বিষয়ে মনির বলেন, ভর্তিচ্ছু অভিভাবকদের শহীদ মিনারে বেড়াতে নিয়ে যাই। এসময় কয়েকজন সেখানে হৈ হুল্লোড় করে তাদের সেখানে বসতে নিষেধ করে। নিষেধ না শোনায় তারা আমাদের ওপর হামলা করে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস বলেন, বিষয়টি আমি শুনেছি। হল সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি দেখবেন। যদি কেউ অন্যায় করে থাকে তবে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।
প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।