১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৯

ঢাবিতে ভর্তিচ্ছুদের সহযোগিতায় সরব বিভিন্ন সংগঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সেবামূলক কর্মসূচি নিয়ে সরব ছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। শুক্রবার ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর পক্ষ থেকে ভর্তিচ্ছুদের জন্য বিভিন্ন সেবামূলক উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়।

ছাত্রলীগের জয় বাংলা বাইক সার্ভিস: ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য সরকারি ছাত্র সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ব্যবস্থা করে ‘জয় বাংলা বাইক সার্ভিস’। বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত মোড়, পলাশী মোড়, শাহবাগ মোড়, দোয়েল চত্বর এলাকা থেকে এ সেবা দেয়া হয়।

বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সুবিধার জন্য ছাত্রলীগের পক্ষ থেকে আরো ছিল ‘তথ্যপ্রদান ও শিক্ষার্থী সহায়তা কেন্দ্র’, ‘সুপেয় পানির ব্যবস্থা’ ও ‘ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম’।

আঞ্চলিক সংগঠনের হেল্প ডেস্ক: শিক্ষার্থীদের সহযোগিতার জন্য হেল্প ডেস্ক বসায় বিভিন্ন আঞ্চলিক ও জেলাভিত্তিক সংগঠনগুলো। নিজ জেলার শিক্ষার্থীদের সহযোগিতার পাশাপাশি এসব সংগঠনগুলো ভর্তিচ্ছুদের সিট খুঁজে পেতে সাহায্য করে ও বিভিন্ন সেবা প্রদান করে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই শুরু হয় এসব সংগঠনের ব্যানারে ভর্তিুচ্ছুদের শুভেচ্ছা জানানোর কাজ।

প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহযোগিতা: ঢাকা বিশ্ববিদ্যালয় ফিজিক্যালি চ্যালেন্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে বসে প্রতিবন্ধি শিক্ষার্থীদরে সহযোগিতার জন্য হেল্প ডেস্ক। বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসের বিপরীত পাশে হেল্প ডেস্ক বসিয়ে সংগঠনটির প্রায় ১৫ জন শিক্ষার্থী ভর্তিচ্ছুদের সেবা প্রদান করে।

এছাড়াও শিক্ষার্থীদের সহযোগিতার জন্য কর্মসূচি গ্রহণ করে সমাজের জন্য জাগরণ (সজ্জা), সেভ দ্যা ফিউচারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।  বাম সংগঠনগুলোর উদ্যোগেও বসে কয়েকটি হেল্প ডেস্ক। এসব ডেস্ক থেকে দূরদূরান্ত থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের বিভিন্ন ধরণের তথ্য দিয়ে সহযোগিতা করা হয়।