ঢাবি ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ বিএফএ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হবে শনিবার। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলবে এই পরীক্ষা। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান চারুকলা অনুষদের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন। ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদসহ ক্যাম্পাসের মোট ১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এবছর ‘চ’ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১৬,৪৮০ জন বলে জানা যায়। পরীক্ষার হলে মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরীক্ষার সময় দায়িত্ব পালন করবে বলে জানানো হয়।
ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।