ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলে ১১টা পর্যন্ত। প্রশ্নফাঁসসহ ডিজিটাল জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তৎপরতার কারণে এবার কোন প্রশ্নফাঁস বা জালিয়াতির মত কোন ঘটনা ঘটেনি বলে দাবি প্রক্টর একে এম গোলাম রব্বানীর।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৫৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। বাইরের কেন্দ্রগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ। এবারে গ-ইউনিটে এক হাজার ২৫০টি আসনের বিপরীতে ভর্তি ইচ্ছুক আবেদনকারীর সংখ্যা ২৬ হাজার ৯৬০ জন। প্রতি আসনের বিপরীতে লড়বে ২১ জন শিক্ষার্থী। জালিয়াতি রোধে পরীক্ষার হলে মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায় এমন যেকোনো ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা যায়, ডিন অফিসের সিদ্ধান্ত অনুযায়ী এবারই প্রথম শিক্ষার্থীদের প্রশ্ন দেয়া হয়নি। পরীক্ষা শেষে হলেই প্রশ্ন রেখে দেয়া হয়েছে।