ঢাবির ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে টাস্কফোর্স গঠনের দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। পাশাপাশি বিগত ভর্তি পরীক্ষাগুলোয় জালিয়াতচক্রের তথ্য অনুসন্ধান ও জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভর্তি বাতিল ও বিচারের দাবি সংগঠনটির। বুধবার মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্র ইউনিয়ের ঢাবি সংসদের সাধারণ সম্পাদক রাজিব দাস বলেন, ভর্তি পরীক্ষাকে ভর্তিযুদ্ধ অ্যাখ্যা দেয়ার মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাকে বহুদিন ধরেই একটা কদর্যতা, প্রচন্ড নোংরা এক চেহারা নিয়েছে প্রশ্নফাঁস আর জালিয়াতির মতো ভয়াল সব দুর্নীতি। সিআইডির মাাধ্যেমে প্রশ্নফাঁস ও জালিয়াতির খবর বেরিয়ে আসে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব ঘটনার পুনরাবৃত্তি হবে না এই নিশ্চয়তা দিতে পারে না।
এ সময় তিনি চলতি শিক্ষাবর্ষে কোনো ইউনিটের ভর্তি পরীক্ষা ঘিরে যদি প্রশ্নফাঁস বা ভর্তি জালিয়াতির কোনো ঘটনা ঘটে তাহলে সংগঠনের পক্ষ থেকে সর্বশক্তি নিয়ে আবার রাজপথে নামার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি সংসদের সভাপতি ফয়েজ উল্যাহ, কোষাধ্যক্ষ জয় রাজ, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান আশিক প্রমুখ।