সবার আগে মানুষকে সচেতন হতে হবে : ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, সড়কের শৃঙ্খলা ফেরানোর জন্য সবার আগে মানুষকে সচেতন হতে হবে। শনিবার বিকেলে শাহবাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ আয়োজিত ‘ট্রাফিক সচেতনতা’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য আরও বলেন, সড়কের শৃঙ্খলা ফেরানোর জন্য শুধু আইন প্রয়োগ করলেই হবে না, পথচারীদের চলাচলের জন্য সুব্যবস্থা করাসহ নানা ধরনের অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। তবেই সড়কে শৃঙ্খলা ফিরবে।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, সবাইকে আইন মেনে চলতে হবে। পুলিশের কোনো সদস্য যদি আইন ভঙ্গ করে তাহলে তাকেও ছাড় দেওয়া হবে না। গাড়ির মালিক ট্রাফিক আইন অমান্য করে, চালক অমান্য করে, পথচারী অমান্য করে, এমনকি আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাও ট্রাফিক আইন অমান্য করে।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রমুখ।