২৯ আগস্ট ২০১৮, ১৫:৫৩

ঢাবিতে প্রতি আসনের বিপরীতে ৩৮ জনের লড়াই

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির জন্য আসনপ্রতি লড়বে ৩৮জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এবছর বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটের ৭ হাজার ১২৮টি আসনের বিপরীতে সর্বমোট আবেদন পড়েছে ২ লাখ ৭২ হাজার ৫১২টি। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবছর ‘ক’ ইউনিটে ১ হাজার ৭৫০টি আসনের বিপরীতে ৮২ হাজার ৯৭০ জন, ‘খ’ ইউনিটে ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে ৩৬ হাজার ২৫০ জন, ‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে ২৭ হাজার ৫৩৪ জন, ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৬১৫টি আসনের বিপরীতে ১ লাখ ৬১৪ জন এবং ‘চ’ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ২৫ হাজার ১৪৪ জন আবেদন করেছে।

পূর্বঘোষিত সূচী অনুযায়ী, এবার ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৮ সেপ্টেম্বর, ‘খ’ ইউনিটের  ২১ সেপ্টেম্বর, ‘গ’ ইউনিটের ১৪ সেপ্টেম্বর,  ‘ঘ’ ইউনিটের ১২ অক্টোবর, ‘চ’ ইউনিটের (সাধারণ জ্ঞান) ১৫ সেপ্টেম্বর এবং ‘চ’ ইউনিটের (অংকন) ভর্তি পরীক্ষা ২২ সেপ্টেম্বর  অনুষ্ঠিত হবে।

‘গ’ ও ‘চ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৫ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। আর ‘ক’, ‘খ’ এবং ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১০ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত ।

উল্লেখ্য, গত ৩১ জুলাই ২০১৮ মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া উদ্বোধন করেন।