২৭ আগস্ট ২০১৮, ১৭:৪০

ঢাবি ক্যাম্পাস খুললেও বন্ধ ক্যান্টিন, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল ক্যান্টিনে শিক্ষার্থীদের খাবার নেওয়ার একটি দৃশ্য  © সংগৃহিত

পবিত্র ঈদুল-আযহার ছুটি শেষে রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাডেমিক কার্যক্রম শুরু হলেও বিভিন্ন আবাসিক হলের ক্যান্টিন ও মেস না খোলা হয়নি। ফলে চরম ভোগান্তিতে পড়েছে আবাসিক শিক্ষার্থীরা। সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে এ অবস্থা দেখা যায়। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।

রোববার থেকে ক্লাস শুরু হয়ে যাওয়ায় ইতোমধ্যেই হলে ফিরেছে শিক্ষার্থীরা। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও কবি জসিম উদ্দিন হলসহ মাত্র কয়েকটি হলের ক্যান্টিন খুললেও খাবার রান্না করা হয় স্বল্প পরিমাণে। সোমবার দুপুরে কবি জসিমউদ্দিন হলের ক্যাটিনে গিয়ে দেখা যায়, খাবার রান্না করা হলেও কর্মচারীরা এখনও আসেননি। এতে বাধ্য হয়ে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে নিজেদের খাবার নিজেরাই সংগ্রহ করছেন। জসিমউদ্দিন হলের ক্যন্টিন ম্যানেজার বলেন, ‘ঈদে বাড়ী যাওয়ার পর কর্মচারীরা এখনও ফিরে আসেননি। তবে তাদের খবর দেয়া হয়েছে দ্রুত চলে আসবে।’

হাজী মোহাম্মদ মুহসীন হলের ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের এক শিক্ষার্থী বলেন, ২৬ তারিখ থেকে ক্লাস শুরু হয়ে হওয়ায় আমাদের হলে চলে আসতে হয়েছে। কিন্তু মেস, ক্যান্টিন কিছুই না খোলায় আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এমনকি ক্যাম্পাসের বাইরে গিয়ে হোটেল, রেস্টুরেন্টে খেয়ে আসতে হচ্ছে। এটা যেমন সময়সাপেক্ষ তেমনই ব্যায়বহুল।

এ বিষয়ে মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নিযামুল হক ভূঁইয়া বলেন, ২৬ তারিখ থেকে হল ক্যান্টিন ম্যানেজারকে ক্যান্টিন খোলার নির্দেশ দেয়া হয়েছে। তবে তারা এখনও ক্যান্টিন খুলেনি বলে জানা গেছে। এবার ঈদের পর ছুটি সংক্ষিপ্ত হওয়ায় আমাদের কিছু সমস্যায় পড়তে হচ্ছে।