১৬ আগস্ট ২০১৮, ২১:১৭

‘কথা বলা বন্ধ করুন, সরকারকে সমর্থন জোগান’

শফিকুল মুশফিক মাহবুব  © ফাইল ফটো

নিজ বাসার ভবন থেকে পড়ে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।  বুধবার রাতে এ ঘটনা ঘটে।  নিহত ওই ছাত্রের নাম শফিকুল মুশফিক মাহবুব (২২)।  তিনি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চতুর্থ বর্ষের শেষ সেমিস্টারের ছাত্র ছিলেন। 

এ ঘটনার আগে বুধবার রাত ৯টা ৪৯ মিনিটে মাহবুব নিজের ফেসবুক ওয়ালে দেশের বর্তমান অবস্থা নিয়ে একটি স্ট্যাটাস দেন।  এটি নিচে তুলে ধারা হল-

‘যেখানে ব্যবস্থাটাই দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, সেখানে কারো কোনো কিছু বলার ন্যূনতম অধিকার নেই।  তখন বুঝে নিতে হবে, আপনার কণ্ঠ, আওয়াজ বা প্রতিবাদের কোনো মূল্য নেই।  সুতরাং কথা বলা বন্ধ করুন, সরকারকে সমর্থন জোগান, আর ক্রীতদাসের মতো তার প্রশংসা করতে থাকেন।

শফিকুল মুশফিক মাহবুবের শেষ ফেসবুক স্ট্যাটাস 

শিক্ষাব্যবস্থা আমাদের শিখিয়েছে, কী করতে হবে, আর কী করা যাবে না, যাতে করে এমন একটি সমাজ দ্বারা নিয়ন্ত্রিত হতে পারি, যাদের ইচ্ছামতো আমাদের কারাগারে ঢুকানো বা খুন করার শক্তি আছে।

এমনকি অনেক সময় লাশও খুঁজে পাওয়া যায় না।  আমাদের অনুভূতির কি কোনো মূল্য নেই? তাদের এই ক্ষমতা কে দিয়েছে?

এটাই কি গণতন্ত্র? নাকি একে ব্যবহার করে আমাদের ক্ষমতার দাস বানানো ও প্রশংসার ঘুঁটি বানাতে চায়?

শুধু অস্ত্রের জোর আছে বলেই কি এটা হচ্ছে? আমি বলছি, অস্ত্রের শক্তিই বিশ্বে সবচেয়ে বড় শক্তি নয়। আমি একজন বাংলাদেশি হিসেবে স্বাধীনতা চাই… যদি এ কারণে আমাকে খুন হতে হয়, তারপরও…।’

তার এ স্ট্যাটাসটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।