সেশনজট নিরসনে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিল সাত কলেজ
রাজধানীর সাত সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার ১৭ মাস পরও বিভিন্ন বর্ষের সেশনজট রয়েছে। এ সেশনজট দ্রুত নিরসনে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মানবন্ধনে জানানো হয়, ঢাবি কর্তৃপক্ষ সময়মত ৬টি বর্ষের ফলাফলসহ ৪টি বর্ষের পরীক্ষা গ্রহণ করতে পারেনি।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সাত কলেজ শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন থেকে সাতদফা দাবি তুলে ধরা হয়। এসব দাবি আগামী ১৫ দিনের মধ্যে বাস্তবায়িত না হলে তারা কঠোর অন্দোলনের যাবে বলে ঘোষণা দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার ঐতিহ্যবাহী সাত কলেজেকে প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তারপর থেকে এসব কলেজে নেমে আসে কালরাত্রি। সেশনজট, পরীক্ষা সময়মতো না হওয়া, ফলাফল প্রকাশে বিলম্ব হওয়া- এসব সমস্যা চলতে থাকে। এরপর আন্দোলনে নামলে সিদ্দিকুরের দু’চোঁখ হারাতে হয়।
তারা বলেন, বর্তমানে ডিগ্রী ২০১২-১৩ সেশনের ৩য় বর্ষের চূড়ান্ত ফলাফল দ্রুত প্রকাশ করা না হলে প্রাইমারি শিক্ষক নিয়োগে আবেদন এবং অনার্স ২০১২-১৩ সেশনের ৪র্থ বর্ষের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা না হলে তারা ৪০তম বিসিএসসহ বিভিন্ন চাকরির পরিক্ষায় আবেদন করতে পারবে না ।
এছাড়াও ডিগ্রী ২০১৪-১৫ সেশনের ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা মে মাসের শেষ সপ্তাহে অনুষ্টিত হওয়ার কথা থাকলেও এখনও অনুষ্ঠিত হয়নি। এ সেশনটি প্রায় ২৪ মাসের সেশনজটে আটকে আছে, পরীক্ষা না হওয়ার পিছনে এখন পর্যন্ত ঢাবি কতৃপক্ষ কোন প্রকার নোটিশ প্রকাশ করেনি । এছাড়াও অনার্স ২০১৩-১৪ সেশন ৩য় বর্ষ প্রায় ১৭ মাস, ডিগ্রী ২০১৩-১৪ সেশন ৩য় বর্ষ প্রায় ১৮ মাস এবং ডিগ্রী ২০১৬-১৭ সেশন ১ম বর্ষ প্রায় ১৭ মাসের সেশনজটে আটকে আছে ।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাত কলেজের শিক্ষার্থী আবু হানিফ, অপূব তালুকদার, অমলেন্দু পাল, রাজিব আহমেদ, আকলিদ প্রমুখ।
তাদের দাবিসমূহের মধ্যে রয়েছে-প্রত্যেক বর্ষের পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে গ্রহণ করতে হবে; প্রত্যেক বর্ষের ফলাফল পরীক্ষার পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রকাশসহ সকল বিভাগের ফলাফল একত্রে প্রকাশ করতে হবে; মাস্টার্স ২০১৪-১৫ প্রিলি, অনার্স ২০১২-১৩ সেশনের ৪র্থ বর্ষ, ডিগ্রী ২০১২-১৩ সেশনের ৩য় বর্ষ, অনার্স ২০১৩-১৪ সেশনের ৩য় বর্ষের অবশিষ্ট বিভাগ, ডিগ্রী ২০১৫-১৬ সেশনের ১ম বষ, অনার্স ২০১৬-১৭ সেশনের ১ম বর্ষসমূহের ফলাফল চলতি মাসের মধ্যে প্রকাশ করতে হবে; ডিগ্রী ২০১৪-১৫ সেশনের ২য় বর্ষের এই মাসের শেষ সপ্তাহের মধ্যে চূড়ান্ত পরীক্ষা গ্রহণসহ দ্রুত সময়ের মধ্যে অনার্স ২০১৪-১৫ সেশনের ৩য় বর্ষ, ডিগ্রী ২০১৩-১৪ সেশনের ৩য় বর্ষ, ডিগ্রী ২০১৬-১৭ সেশনের ১ম বর্ষের রুটিন প্রকাশ করতে হবে; প্রতিটি পরীক্ষা গ্রহণের একমাস পূর্বে রুটিন প্রকাশ করতে হবে; ৭ কলেজের সমাবর্তন তাদের মধ্যে থেকে যেকোন একটি কলেজে অনুষ্টিত করতে হবে এবং যেখানে ৭ কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে; একাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ দ্রুত সেশনজট নিরসন করতে হবে ।