০৫ আগস্ট ২০১৮, ১৫:০৮

পুলিশ ও যুবকের হামলায় রক্তাক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

জিগাতলায় সীমান্ত স্কয়ারের সামনে পুলিশ সাঁজোয়া যান নিয়ে   © সংগৃহীত

রাজধানীর জিগাতলা এলাকা নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ওপর পুলিশের কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিপেটায় উত্তপ্ত হয়ে ওঠে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক বিক্ষোভ মিছিল নিয়ে জিগাতলার দিকে গেলে পুলিশ এ হামলা চালায়। এতে পুলিশের সাথে হেলমেট পরে ও লাঠি হাতে হামলা চালায় কিছু যুবকরাও।

এতে অনেকে আহত হন। আহত শিক্ষার্থীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নুসরাত জাহান, সুস্মিতা রয়েল লিসা, মারুফ, তুষার, শিমন্তী; বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রাকিন, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের এনামুল হক ও তামিম। এ সময় বার্তা সংস্থা এপির ফটোসাংবাদিক এম এন আহাদ আহত হলে তাঁকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।

রোববার বেলা একটার দিকে হাজার হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে  জিগাতলার দিকে যাওয়ার সময় আওয়ামী লীগের কার্যালয়ের দিকে অবস্থান নেওয়া পুলিশ শিক্ষার্থীদের ওপর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা শুরু করে।

শিক্ষার্থীরা কাঁদানে গ্যাস থেকে বাঁচতে লেকের পানিতে ঝাঁপিয়ে পড়েন। এসময় পুলিশ লেকের পাড়ে দাঁড়িয়ে শিক্ষার্থীদের লাঠিপেটা করে ও ঢিল ছোড়ে। পুলিশ কয়েকজনকে পানি থেকে টেনে তোলে ধরে নিয়ে যেতে দেখা যায়।

এ ছাড়া জিগাতলায় সীমান্ত স্কয়ারের দিকে পুলিশ সাঁজোয়া যান নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া দিলে তারা আশপাশে ছড়িয়ে ছিটিয়ে যায়। অনেকে নির্মাণাধীন ভবনগুলোয় আশ্রয় নেয়।

পুলিশের রমনা জোনের উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেছেন, মিছিলকারীরা ধানমন্ডিতে আওয়ামী লীগ অফিসের দিকে যাচ্ছিল। তাদের নিবৃত্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা শোনেনি। তিনি বলেন, সবাইকে শান্ত করার চেষ্টা করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে , শিক্ষার্থীদের এই মিছিল আজ বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে জিগাতলায় আসে। নিরাপদ সড়ক, শনিবার শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ—এই তিন দাবি নিয়ে পূর্বঘোষণা অনুসারে মিছিল করার জন্য সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হতে থাকে নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা। পরে কয়েক হাজার শিক্ষার্থীর সেই মিছিল সাড়ে ১১টার দিকে শাহবাগে এসে জড়ো হয়। এখান থেকে এই মিছিলটি বিভিন্ন স্লোগান দিয়ে সায়েন্স ল্যাব হয়ে জিগাতলার দিকে যায়।