১৮ জুলাই ২০১৮, ১৩:৪৫

‘নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে ব্যর্থ বিশ্ববিদ্যালয় প্রশাসন’

কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করে শিক্ষার্থীরা

নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষার্থীরা।

বুধবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা-মামলা ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে অনুষ্ঠিত ‘সকল বিভাগের সম্মিলিত’ মানববন্ধনে এমন মন্তব্য করেন তারা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে আটককৃত শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলা এবং শিক্ষকদের লাঞ্ছনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়ছেন তারা।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সহপাঠী তানজির হোসেনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেন ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা।

মানববন্ধন থেকে হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করা হয়। এসময় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেন।

গত ১৪ জুলাই শহীদ মিনারে হামলার শিকার হন তানজির।