ঢাবি ও রাবির ভিসি-প্রক্টর-রেজিস্ট্রারকে লিগ্যাল নোটিশ
বেশ কয়েক দফায় কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের ওপর হামলা এবং তাদের মারধরের ঘটনায় ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর ও রেজিস্ট্রারে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের ১৩ আইনজীবী। হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ না করায় এই নোটিশ পাঠানো হয়।
নোটিশে বলা হয়, কোটা সংস্কার নিয়ে আন্দোলন-হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থাতো দূরে থাক, হামলায় আহতদের সঠিক চিকিৎসাই দেয়া হয়নি। তাই সংশ্লিষ্টদের প্রতি নোটিশ পাঠানো হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে আইনি ব্যবস্থা গ্রহণ না করলে রিট করা হবে। এতে আরো বলা হয়, ‘গত ৩০ জুন ও ১ জুলাই ওই হামলার ঘটনায় কী ব্যবস্থা নিয়েছেন তা নোটিশপ্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানানোর অনুরোধ জানাচ্ছি। অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ (রিট) করা হবে।’
নোটিশের বিষয়ে জানতে চাইলে জ্যোতির্ময় বড়ুয়া বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা গুরুতর আহত হয়েছেন। কিন্তু হামলাকারীদের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অবগত থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। যা সম্পূর্ণভাবে অপ্রত্যাশিত এবং বিশ্ববিদ্যালয় ও দেশের প্রচলিত আইনের পরিপন্থী। এতে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, আপনারা (বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ) পদে থাকার উপযুক্ত নন।
উল্লেখ্য, গত ৩০ জুন ও ১ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারিদের ঠেকাতে শিক্ষার্থীদের হামলা চালায় ছাত্রলীগ। ওই হামলায় তাদের অনেকেই আহত হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়।