ঢাবি উপাচার্যের বক্তব্যের সঙ্গে আওয়ামী লীগ একমত নয়
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের সব কাজই ‘জঙ্গিবাদের বহিঃপ্রকাশ’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) ড. আখতারুজ্জামানের এমন বক্তব্যের সঙ্গে আওয়ামী লীগ একমত নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার রাজধানীর বনানীর সেতু ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের সময় ভিসির বাড়িতে যে হামলার ঘটনা ঘটেছে তা পুরোপুরি জঙ্গি স্টাইলে হয়েছে। কিন্তু পুরো আন্দোলন জঙ্গিবাদের বহিঃপ্রকাশ বলে তিনি যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে ঢালাওভাবে আমি কিংবা আওয়ামী লীগ একমত নয়।
তিনি বলেন, আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম। তেমন একটা খোঁজ-খবর রাখতে পারিনি। তবে বলবো, কোটা সংস্কারে প্রজ্ঞাপন জারির বিষয়টি জটিল প্রক্রিয়া, সময় লাগবে। তবে কোটা সংস্কারের বিষয়ে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই। প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমিটি কাজ করছে।
কোটা সংস্কারে কমিটি গঠনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এতদিন কমিটি ছিলো না। এখন ক্যাবিনেট সেক্রেটারির নেতৃত্বে এ বিষয়ে একটি কমিটি কাজ করছে, ইতোমধ্যে বৈঠকও করেছে। তারা কিছু তথ্য-উপাত্ত সংগ্রহ করবে। দেশের বাইরে থেকেও অভিজ্ঞতা নেওয়া হবে। সুতরাং আন্দোলনকারীদের বলবো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা আস্থা রাখুন।