নূরের ওপর হামলার প্রতিবাদে ঢাবির ইংরেজি বিভাগের মানববন্ধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র ও কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহবায়ক নুরুল হক নূরের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন করা হয়। এসময় ছাত্রলীগ তাদের বাঁধা দেয়ার চেষ্টা করে। বাধা উপেক্ষা করে প্রায় ১ ঘণ্টা ধরে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিল নুরুল হক নূর। সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ তাদের হামলা করে। নূরকে তারা নৃশংসভাবে আঘাত করে। এমনকি তাকে হাসপাতালে নিয়ে যেতেও বাধা দেয়। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই। সেই সাথে হামলাকারী সন্ত্রাসীদের বিচার দাবি করি।
মানববন্ধনে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাসনীম মাহবুব বলেন, কতিপয় ছাত্র আমাদের হামলা করার চেষ্টা করে। তারা আমাদের বিভিন্ন দলের ট্যাগ দেয়। আমাদের দেখে নেয়ার হুমকি দেয়। তারা আমাদের বিভিন্ন কটুক্তি, ধমক দেয়। তারা আমাদের ছবি তুলে।
তিনি আরো অভিযোগ করেন, মানববন্ধনে উপস্থিতদের মধ্যে যারা হলে থাকে তাদেরও ছাত্রলীগ দেখে নেয়ার হুমকি দিয়েছে। আমরা নিরাপদ ক্যাম্পাস চাই।
তিনি ক্যাম্পাসে ছাত্র নির্যাতনের প্রতিবাদ জানান। এসময় তারা বিভিন্ন ধররেন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। নূরকে আক্রমণের বিচার চাই, দিন দুপুরে হামলা কেন, নূরের সুচিকিৎসা নিশ্চিত কর।