শাহবাগে কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। রোববার দুপুরে আন্দোলনকারীদের এক নেতাকে গ্রেপ্তার করার পর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিকেলে শাহবাগ এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা ৬ জনকে মারধর করে শাহবাগ থানায় দেয়।
জানা যায়, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার বিকেলে শাহবাগে আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ে হতে চাইলে ছাত্রলীগ তাদের মারধর করে। মারধর করে ৬ জনকে শাহবাগ থানায় দেয়া হয়। শাহবাগ থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেন। তবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি।
জানা যায়, দুপুরের পর থেকে শাহবাগ এলাকায় ২০-৩০ জন ছাত্রলীগের নেতারা অবস্থান নেয়। বিকেলে বিচ্ছিন্নভাবে শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হতে চাইলে তাদের মারধর করে থানায় দেয় ছাত্রলীগের নেতারা। এর মধ্যে ছিল বিদায়ী কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, উপ-সম্পাদক সৈয়দ মুহাম্মদ আরাফাত, মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-সম্পাদক আল মামুন, বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সহ-সভাপতি আবদুল্লাহ আল জুবায়ের ভূইয়াকে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এ ব্যাপারে উপ-সম্পাদক সৈয়দ মুহাম্মদ আরাফাত বলেন, তাদেরকে যখন মারধর করা হচ্ছিল তখন আমি গিয়ে রক্ষা করি। অন্যরা মারধর করেছিল বলে তিনি জানায়। মারধরকারীরা কি ছাত্রলীগের নেতাকর্মী-এ প্রশ্নের জবাবে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।