২১ জুন ২০১৮, ১৮:০৫

পূর্বাচলে ৫২ একর জমি পেল ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে বরাদ্দপত্র তুলে দিচ্ছেন রাজউক চেয়ারম্যান   © টিডিসি ফটো

২য় ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য পূর্বাচলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনূকুলে ৫১ দশমিক ৯৯ একর জমি বরাদ্দ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএসএম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের হাতে আনুষ্ঠানিকভাবে বরাদ্দপত্রটি তুলে দেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী আব্দুর রহমান।

রাজউকের উপ-পরিচালক হাবিবুর রহমান স্বাক্ষরিত বরাদ্দপত্রে বলা হয়েছে, উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২য় ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১২ নং সেক্টরের ২০৩ নং রাস্তায় ৬ নং প্লটটির ৪২ দশমিক ৪৭ শতাংশ জমি বরাদ্দ দেয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন সেকেন্ডারি স্কুলের জন্য ১২ নং সেক্টরের ২০৩ নং রাস্তায় ৬/এ নং প্লটের ৩ দশমিক ৯১ একর, ১২ নং সেক্টরের ২০৩ নং রাস্তায় ৬/সি নং প্লটে ৩ দশমিক ৯৬ একর জমি বরাদ্দ দেয়া হয়েছে। পাশাপাশি খেলার মাঠের জন্য ১২ নং সেক্টরের ২০৩ নং রাস্তার ৬/বি নং প্লটে ১ দশমিক ৬৫ একর জমি বরাদ্দ দেয়া হয়েছে। অর্থাৎ চারটি প্লটে ৫১ দশমিক ৯৯ একর জমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ দেয়া হয়েছে।

বরাদ্দপত্রে আরো বলা হয়েছে, প্রাতিষ্ঠানিক প্লটের নির্ধারিত মূল্য কাঠাপ্রতি ১৫ লাখ টাকা প্রদান করতে হবে।

জমি বরাদ্দ প্রাপ্তির বিষয়ে অধ্যাপক ড. মাকসুদ কামাল বলেন, প্রতিষ্ঠার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের পরিধি বহুগুণ বেড়েছে। কিন্তু পরিধি বাড়ার সঙ্গে তাল মিলিয়ে জমির পরিমাণ না বেড়ে উল্টো কমেছে। শতবর্ষ উদ্‌যাপনকে সামনে রেখে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে চাই। সেক্ষেত্রে পূর্বাচলের জমিতে শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণ করতে পারব।

উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, এটি অত্যন্ত খুশির খবর। উচ্চশিক্ষা কার্যক্রমের পরিধি বাড়ায় ২য় ক্যাম্পাস প্রতিষ্ঠার বিষয়টি খুবই জরুরি। বরাদ্দ তো পেলাম। এবার জমির মূল্য পরিশোধের অর্থছাড়ের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠাব। আশা করছি, দ্রুতই এসব প্রক্রিয়া সম্পন্ন করতে পারব।