১৫ মে ২০১৮, ১৫:৩৫

ক্লাসে উপস্থিতির নম্বর ৫, শিক্ষক দিলেন ৭

ঢাকা বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে এক শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রকে অতিরিক্ত নম্বর দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া একই কোর্সে ২১ জন শিক্ষার্থীকে কোনো নম্বরই না দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। বিভাগের ‘অর্থনৈতিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠান’ কোর্সে ক্লাস উপস্থিতির জন্য বরাদ্ধ নম্বর ৫। কিন্তু প্রভাষক আমিনা খাতুন রিংকি। শিক্ষার্থী মো. মনির হোসেনকে দিয়েছেন ৭ নম্বর। বিষয়টিতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে এটিকে ‘প্রিন্টিং মিসটেক’ বলে দাবি করেছেন কোর্স শিক্ষক।

শূন্য নম্বর পাওয়া শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভাগটির কয়েকজন শিক্ষক এভাবে খামখেয়ালি করে আসছেন। আছে অঞ্চল বৈষম্যও। প্রভাষক আমিনা খাতুন রিংকি ক্লাস উপস্থিতি গণনা না করে অনুমান নির্ভর হয়ে নম্বর দিয়েছেন। তারা ক্লাসে উপস্থিত থেকেও নম্বর পাননি। বিষয়টিতে বিভাগের চেয়ারপারসন বরাবর লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে জানতে চাইলে কোর্স শিক্ষক আমিনা খাতুন রিংকি বলেন, ‘এটা প্রিন্টিং মিসটেক। ওই ছেলে এক নম্বর পাওয়ার কথা। এটা সংশোধন করা হবে। এ ছাড়া ক্লাসে উপস্থিত না থাকায় অন্যদের শূন্য দেয়া হয়েছে।’

বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মফিজুর রহমান জানান, ‘শিক্ষার্থীদের দেখানোর জন্য এই ফলটা দেয়া হয়। এখানে সংশোধনের সুযোগ আছে। অভিযোগ আমলে নিয়ে সংশোধন করা হবে।’