২৪ জুন ২০১৮, ১৭:৫৪

তিন দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান  © সংগৃহীত

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। পাশাপাশি ২য় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং ২য় জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতাও শুরু হয়েছে। আগামী ২৬ জুন মেলা শেষ হবে।

‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ’ স্লোগানে মেলাটির আয়োজন করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

আজ রবিবার সকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান মেলার উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এ সরকার বিজ্ঞানচর্চার মাধ্যমে বিজ্ঞানমনস্ক জাতি গঠন এবং বিজ্ঞানের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ মেলার আয়োজন সেরকমই একটি উদ্যোগ।

মন্ত্রী আরও বলেন, এ দেশের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী। নতুন প্রজন্মের এরাই বিজ্ঞানচর্চা করে বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে এ দেশকে বিশ্বের বুকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে।

সারাদেশের জেলা পর্যায়ের জুনিয়র, সিনিয়র এবং বিশেষ গ্রুপে প্রথম স্থান অধিকারী প্রতিযোগী/প্রকল্প, গাইড, তরুণ ও অপেশাদার খুদে বিজ্ঞানীরা এ মেলায় অংশগ্রহণ করেছেন। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ১৯২টি প্রকল্পের প্রদর্শনী চলছে। অন্যদিকে বিজ্ঞান অলিম্পিয়াডে ২৫৬ জন এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় ৭২জন অংশগ্রহণ করছেন।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়ের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহুল হক, এমপি, এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সভাপতি অধ্যাপক ড. কাজী আব্দুল ফাত্তাহ। স্বাগত বক্তব্য রাখেন জাদুঘরের কিউরেটর কাজী হাসিব উদ্দিন আহমেদ।