২৬ মে ২০২২, ০৮:৩৪

ছাত্র ও তার মাকে জুতাপেটা করছেন স্কুলের লাইব্রেরিয়ান, ভিডিও ভাইরাল

রাজশাহীর গোদাগাড়ীতে ছাত্র ও তার মাকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে  © সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ীতে এক ছাত্র ও তার মাকে স্কুলে জুতাপেটা করার অভিযোগ উঠেছে। একটি আম পাড়ায় প্রথমে ওই ছাত্রকে মারধর শুরু করেন লাইব্রেরিয়ান। তাকে রক্ষায় মা এগিয়ে গেলে তিনিও মারধরের শিকার হন। গত ২১ মে পালপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তবে বুধবার সন্ধ্যায় জুতাপেটার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।

ওই ছাত্র এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে বলে জানা গেছে। ভিডিওতে দেখা যায়, বেশকিছু ছাত্র-ছাত্রীকে আম পাড়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে শিক্ষকেরা। এর মধ্যেই এক ব্যক্তি জুতা খুলে এক ছাত্রকে পেটাতে শুরু করেন। তখন ওই ছাত্রের মা সেখানে ছিলেন। তিনি ছেলেকে রক্ষার চেষ্টা করলে তার শরীরেও জুতার আঘাত পড়ে।

জুতা খুলে মারধর করা ব্যক্তি বিদ্যালয়ের লাইব্রেরিয়ান মো. কামরুজ্জামান। এ তথ্য নিশ্চিত করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুল আলম বলেন, ছেলেরা স্কুলের আম পেড়ে শেষ করে দিচ্ছিল। শিক্ষকরা বারণ করলে তারা দুর্ব্যবহার করে। একপর্যায়ে লাইব্রেরিয়ান কামরুজ্জামান মারধর করেছেন।

আরো পড়ুন: ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষের ঘটনায় ঢাবির মামলা, আসামি ৪০০

জানা গেছে, ঘটনার পর প্রধান শিক্ষক ওই ছাত্র ও তার অভিভাবককে ডাকেন। তারা গেলেম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ মীমাংসা করে দেন। তবে লাইব্রেরিয়ানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। 

লাইব্রেরিয়ান কামরুজ্জামান বলেন, অজান্তেই জুতা খোলা হয়ে গিয়েছিল। তাই ক্ষমা করে দেওয়া হয়েছে তাকে। এ ধরনের ঘটনা শোভনীয় নয়। সে জন্য ভবিষ্যতের জন্য তাকে সতর্ক করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জানে আলম বলেন, ঘটনাটি সম্পর্কে জেনেছেন তিনি। কেউ অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখা হবে।