টাকার প্রলোভনে শ্লীলতাহানির চেষ্টা, ভয়ে জ্ঞান হারায় ছাত্রী
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হলদিবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেনের বিরুদ্ধে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এনিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তবে অভিযুক্ত প্রধান শিক্ষক ঘটনাকে সাজানো দাবি করেছেন।
বিদ্যালয় ও এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, বেশ কিছু দিন আগে ওই বিদ্যালয় প্রধান শিক্ষক টিফিনের সময়ে ওই শিক্ষার্থীকে তার কক্ষে ডেকে নিয়ে যায়। পরে তাকে টাকার প্রলোভন দেখিয়ে তার গায়ে হাত দেয়। সে সময় ওই শিক্ষার্থী ভয়ে অজ্ঞান হয়ে যান। এমন সময় স্কুলে বাকী শিক্ষার্থীরা আসা শুরু করলে কোনমতে তার জ্ঞান ফিরিয়ে তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়। ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে শিক্ষক বাবুল।
ভূক্তভোগীর বাবা বলেন, আমার মেয়ে ভয়ে কিছু বলেনি। তার বান্ধবীদের নিকট থেকে ঘটনার জানার পর স্থানীয় চেয়ারম্যানের কাছে অভিযোগ দিতে গেলে চেয়ারম্যান আমাকে আইনের আশ্রয় নিতে বলেন।
আরও পড়ুন- প্রাথমিকের নিয়োগে কোটা বাতিলের দাবিতে মানববন্ধন কাল
স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি জঘন্য। আমার কাছে আসলে আমি আইনের আশ্রয় নিতে বলি এবং উপজেলা শিক্ষা অফিসারকে মোবাইলে বিষয়টি অবগত করি।
উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রহমান বলেন, ঘটনার শোনার পর আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন জানান, বিদ্যালয়টি এমএলএসএস পদে নিয়োগ নিয়ে একটি ঝামেলা সৃষ্টি হয়েছে। এই কারণে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে হয়রানী করা হচ্ছে। এটি একটি ষড়যন্ত্র।
বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম ডন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।