মাজেদের কবরে জুতা-ঝাড়ু পেটা, ভিডিও ভাইরাল
বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের কবরে জুতা-লাঠি প্রদর্শন করেছে বিক্ষোভকারীরা। তার কবরে জুতা-লাঠি প্রদর্শনের একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক ভাইরাল হয়েছে।
এর আগে গতকাল রবিবার (১২ এপ্রিল) ভোরে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর এলাকায় খুনি মাজেদের শশুরবাড়ির পারিবারিক কবরস্থানে গোপনে তার লাশ দাফন করা হয়। সকালে এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ জানাতে থাকে।
এক পর্যায়ে করোনা প্রার্দুভাবের কারণে দেওয়া লকডাউন উপেক্ষা করেই বেশ সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে। পরে তারা এখান থেকে মাজেদের লাশ অপসারণের জন্য প্রশাসনকে আলটিমেটাম দেন। বিক্ষোভকারীরা জুতা প্রদর্শনের মাধ্যমে তাদের প্রতিবাদ জানান।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা পরে সোনারগাঁও প্রেসক্লাবে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এএইচ এম মাসুদ দুলাল বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীর কবর সোনারগাঁয়ে থাকতে দেওয়া হবে না। এ লাশ সোনারগাঁয়ে রাতের আধারে কবর দেওয়ায় সোনারগাঁবাসী লজ্জিত, স্তম্ভিত। বঙ্গবন্ধুর হত্যাকারীর লাশ তার গ্রামের মানুষ গ্রহণ করেনি, আমরা কেন এ কলঙ্কের দায় নেব? মাজেদের লাশ সোনারগাঁ থেকে প্রত্যাহার চাই।
তিনি আরো বলেন, প্রশাসনের কাছে আমরা তার লাশ প্রত্যাহার বা অন্যত্র সরিয়ে নিতে কথা বলেছি। আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ লাশ প্রত্যাহারের আবেদন জানিয়েছি।