২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০০

স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

মৃত্যুদন্ড প্রাপ্ত এক আসামী  © সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ওয়াইজনগর গ্রামে পঞ্চম শ্রেণীর স্কুলছাত্রী রুমানা আক্তারকে (১৩) গণধর্ষণ শেষে হত্যার ঘটনায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার দুপুর ২টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন এনামুল, রমজান, হাকিম ও ফায়জুল। এদের বাড়ির সিংগাইর উপজেলার ওয়াইজনগর গ্রামে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি একেএম নূরুল হুদা রুবেল জানান, সিংগাইর উপজেলার ওয়াইজনগর গ্রামে ব্র্যাকের ৪র্থ শ্রেণির ছাত্রী প্রবাসী চান মিয়ার মেয়ে রোমানা আক্তার (১৩) ২০০৮ সালে ১৬ জুলাই সকাল ৭টায় বাড়ি থেকে স্কুল যায়। সেখান থেকে আসামিরা রোমানাকে অপহরণ করে স্কুলের পাশে একটি পাট ক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ ও হত্যা করে লাশ ফেলে রাখে। ওই দিন সকাল ১০টা দিকে রোমানার লাশ পরিবারের সদস্য পুলিশের সহযোগিতায় উদ্ধার করে। এই ঘটনায় নিহতের চাচা কদম আলী বাদী হয়ে সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ে করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ২০০৮ সালে ৫ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১৫ জনের সাক্ষী নেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামি হাকিম আদালতে উপস্থিত ছিল। অপর তিন আসামি জামিন নিয়ে পলাতক রয়েছে। আসামিক্ষে মামলাটি পরিচালনা করে অ্যাডভোকটে একেএম কায়সার, অ্যাডভোকেট নূরুজ্জমান।