যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৫
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। পুলিশ জানিয়েছে, রাজ্যের ওডেসা আর মিডল্যান্ড শহরের মধ্যে গাড়ি চালানোর সময় অন্তত একজন বন্দুকধারী মানুষজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে।
শ্বেতাঙ্গ একজন সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু পলাতক আরো একজন সন্দেহভাজনের ব্যাপারে তদন্ত চলছে বলে জানা গেছে। তবে এই হামলার কোন কারণ এখনো জানা যায়নি।
পুলিশের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া ১৬জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে পুলিশের কর্মকর্তাও রয়েছেন।
ঠিক চার সপ্তাহ আগে টেক্সাসের আরেকটি শহর এল পাসোতে একজন বন্দুকধারীর হামলায় ২২জন নিহত আর ২৪ আহত হয়েছিল। পুলিশ জানিয়েছে, শনিবারের ওই হামলা শুরু হয়, যখন মিডল্যান্ড মহাসড়কে একটি গাড়ি থামাতে যান পুলিশের কর্মকর্তারা।
তখন ওই গাড়ির চালক পুলিশকে লক্ষ্য করে গুলি করতে শুরু করেন। এরপর যুক্তরাষ্ট্রের ডাক সেবা বিভাগের একটি ভ্যান গাড়ি চুরি করে চালাতে শুরু করে এবং মানুষজনকে এলোপাথাড়ি গুলি করতে থাকেন।
তবে ওডেসার একটি সিনেমা হলের সামনে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ওই ব্যক্তি নিহত হন। বিবিসি।