০২ জুলাই ২০১৯, ১১:০৩

বাল্যবিয়ের আসর থেকে পালিয়ে বাঁচলেন কাজি

  © প্রতীকী ছবি

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে চলছিল বিয়ের আয়োজন। কাজিও যথাসময়ে হাজার। তবে যখন বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হতে যাবে, সে সময় হাজির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে হাজির উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. আনিসুর রহমান। ফলে কোনমতে পালিয়ে রক্ষা পেলেন কাজি।

আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রীর সঙ্গে পাশের পোড়াবাড়ি গ্রামের মো. বনি আমিন (২৪)-এর বিয়ের আয়োজন চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে বাল্যবিয়ে বন্ধ করতে যথাসময়ে বিয়েবাড়িতে উপস্থিত হন আনিসুর রহমান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাঁদের উপস্থিতি টের পেয়ে কাজি কৌশলে পালিয়ে যান।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবা ও বর মো. বনি আমিনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলে তার বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. আনিসুর রহমান বলেন, বাল্যবিয়েবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।