নকল সরবরাহের দায়ে পুলিশ কর্মকর্তার সাজা
পটুয়াখালীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকল সরবরাহের দায়ে মাহবুবুর রহমান নামে এক পুলিশ কর্মকর্তাকে সাজা দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পুলিশের উপ-সহকারী পরিদর্শক পদে কর্মরত ওই কর্মকর্তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আজ শুক্রবার দুপুর ১২টায় শহরের রশিদ কিশালয় বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা এ রায় দেন।
পটুয়াখালী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল হাফিজ জানান, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। পরীক্ষায় যাকে আমরা অপরাধী হিসেবে পেয়েছি, তাকেই শাস্তির আওতায় এনেছি। আজ পুলিশের এক সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
তিনি আরও জানান, আগামী ৩১ তারিখ পরীক্ষা আছে, ওই দিনও আমরা একইভাবে নিয়ন্ত্রণ করব।
উল্লেখ্য, প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর গত বছরের ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে ২৪ লাখের বেশি আবেদন জমা পড়ে। এবার প্রার্থী বেশি থাকায় ৪ ধাপে নিয়োগ পরীক্ষা হবে। এর মধ্যে প্রথম ধাপের পরীক্ষা আজ শুক্রবার সকাল ১০টায় শুরু হয়ে ১১টায় শেষ হয়।
দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী ৩১ মে, তৃতীয় ধাপের পরীক্ষা আগামী ২১ জুন এবং সর্বশেষ চতুর্থ ধাপের পরীক্ষা আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে।