০২ মার্চ ২০১৯, ১৭:৩৯

ছুরিকাঘাতে স্কুলছাত্রকে হত্যার দায় স্বীকার

নিহত সোহাগ

ঢাকার সাভারের চাপাইনে ছুরিকাঘাতে স্কুলছাত্র সোহাগকে (১৬) হত্যার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃহ দুই কিশোর। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছে। শনিবার দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ এ তথ্য নিশ্চিত করেন।

সোহাগ চাপাইন মহল্লার ইসমাইল হাজীর বাড়িতে পরিবারের সঙ্গে থাকতো। সেখানে স্থানীয় স্টুডেন্ট স্কুল অব বাংলাদেশ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিলো।

থানার ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুই কিশোর হত্যার দায় স্বীকার করে জানিয়েছে, পূর্ব শত্রুতার জেরে শুক্রবার চাপাইন এলাকার সিআরপির মেলায় সোহাগের সঙ্গে প্রান্ত ও মিঠুর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রান্ত সোহাগের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গ্রেফতার ওই দুই কিশোরকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) ভেতরে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় সোহাগকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে। পরে নিহতের বাবা সাইদুল ইসলাম সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।