০৫ মার্চ ২০২৫, ১২:১৯

সাজিদ হত্যা মামলা: সাবেক বিচারপতি মানিক ফের রিমান্ডে

ফাইল ফটো

রাজধানীর গুলশান থানার করা সাজিদ হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে দুই দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে মামলার তদন্ত কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন ৷

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে আসামির সরাসরি সম্পৃক্ততা রয়েছে। অপর দিকে আসামিপক্ষের অভিযোগ, পরিস্থিতির কারণে জামিন পাচ্ছেন না তিনি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৩ আগস্ট সিলেটের কানাইঘাটে একটি অবৈধ সীমান্ত ক্রসিং দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) হাতে আটক হন এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। পরে ২৪ আগস্ট ভোরের দিকে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত বিজিবি ক‍্যাম্পের সদস্যরা তাকে থানায় হস্তান্তর করেন। এরপর মানিককে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুন: ঢাবিকেন্দ্রিক ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগ এনে রাবিতে বিক্ষোভ

সীমান্ত থেকে গ্রেপ্তারের আগে বা পরে মারধরের শিকার হন মানিক। এ কারণে আদালতে তিনি নিজেকে অসুস্থ দাবি করলে আদালত জেলকোড অনুসারে তাকে চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন। এরপর সেদিন রাতে সিলেট কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসা হয়। গুরুতর আঘাতপ্রাপ্ত অন্ডকোষে জরুরি অস্ত্রোপচার শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রাখা হয়। সেখানে অনেকটা সুস্থ হওয়ার পর তাকে আদালতে হাজির করা হয়।
 
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত ১৯ জুলাই গুলশান থানাধীন এলাকায় ছাত্র-জনতার মিছিলে অংশ নেন সাজিদ। এ সময় এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে গুলশানের মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই মারা যান তিনি। এ ঘটনায় নিহত সাজিদের মা বাদী হয়ে হত্যা মামলা করেন।