২১ জানুয়ারি ২০২৫, ০২:১৪

বাংলাবাজারে অভিযান, বিনামূল্যের ৫ হাজার পাঠ্যবই উদ্ধার

রাজধানীর বাংলাবাজারের বিভিন্ন দোকানে অভিযান  © টিডিসি সম্পাদিত

রাজধানীর বাংলাবাজারের বিভিন্ন দোকানে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য সরকারের বিনামূল্যের পাঠ্যবই বিক্রি হচ্ছিল। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার এই তথ্যের ভিত্তিতে বাংলাবাজারে বেশ কিছু লাইব্রেরিতে অভিযান চালায় এনসিটিবি। অভিযান পরিচালনা করে পাঁচ হাজার বই উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজারে বই উদ্ধারের পর দুটি দোকানকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যবই বাংলাবাজার বই মার্কেটের বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে– এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা এনএসআই প্রতিনিধি দলের উপস্থিতিতে এনসিটিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মার্কেটে অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে বাংলাবাজার বই মার্কেটের দুটি দোকান ও একটি গোডাউনে বিভিন্ন প্রেসে ছাপা বই উদ্ধার করা হয়। সরকার প্রিন্টার্স, লেটার অ্যান্ড কালার লিমিটেড, সীমান্ত প্রেস অ্যান্ড পাবলিকেশন মাস্টার সিমেক্স ও সুবর্ণা প্রিন্টিং প্রেসে মুদ্রণ করা মাধ্যমিকের বিভিন্ন  শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বই জব্দ করা হয়। এসব বই ‘বই বাজার বিডি’ ও ‘জাহিদ বুক হাউজ’ লাইব্রেরিতে পাওয়া যায়। এদের প্রতিটিকে এক হাজার টাকা করে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে একই অপরাধ করলে সর্বোচ্চ জরিমানা ও জেল দেওয়া হবে মর্মে সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রমনার সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিকুর রহমান। এনসিটিবির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন গবেষণা কর্মকর্তা সহকারী অধ্যাপক কাজী মো. রোকন উদ্দীন।

উল্লেখ্য, এনসিটিবির পাঠ্যপুস্তকের মান নিয়ন্ত্রণ, কাগজ ও আর্ট কার্ডের মজুদ, গাইড বই মুদ্রণ ও সরকারি বই বাজারে বিক্রির বিরুদ্ধে এনএসআই নিয়মিত অভিযান পরিচালনা করছে।