৩০ নভেম্বর ২০১৮, ২২:২৯

শিক্ষকের উপর হামলার তিন দিনেও মামলা হয়নি, আতঙ্কে পরিবার

  © ফাইল ফটো

টাঙ্গাইলের আদাবাড়ি গহের আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সাবেক সভাপতির লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। বুধবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নেরেঐতিহ্যবাহী বিদ্যালয়টিতে এ ঘটনা ঘটে। ঘটনার তিনদিন পার হলেও অপরাধীদের ভয়ে কোন মামলা করতে পারছেন না ভুক্তভোগী শিক্ষক।  সন্ত্রাসীদের ক্রমাগত হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার। 

জানা যায়, আদাবাড়ি গহের আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদকে (৪৮) মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে প্রথমে সাময়িক ও পরে স্থায়ীভাবে বরখাস্ত করে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান ও সভাপতি মো. শামসুল আলম। এ ঘটনায় বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়।  এর প্রেক্ষিতে গত কয়েক মাস ধরে বিদ্যালয়টিতে অচলাবস্থা বিরাজ করছিল।

অন্যদিকে সহকারী প্রধান শিক্ষককে পদে পুনর্বহাল ও ন্যায় বিচারের দাবীতে সহকারী প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার ঘটনার তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদকে নির্দেশ প্রদান করেন। নির্দেশ মতো গত বুধবার তিনি ঘটনা তদন্তের জন্য আদাবাড়ি গহের আলী উচ্চ বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক মো. মশিউর রহমান ও সাবেক সভাপতি মো. শামসুল আলমসহ তাদের বহিরাগত সন্ত্রাসী বাহিনী সহকারী প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদের উপর হামলা চালিয়ে মারপিট করে জামা-কাপড় ছিড়ে ফেলে। ভয়ে তিনি পালিয়ে গিয়েও সন্ত্রাসীদের মারপিট থেকে রক্ষা পায়নি বলে অভিযোগ করেন। অবস্থা বেগতিক দেখে উপজেলা শিক্ষা অফিসার তদন্ত না করেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। শুধু তাই নয় প্রধান শিক্ষক মো. মশিউর রহমান ও সাবেক সভাপতি মো. শামসুল আলমসহ তাদের সন্ত্রাসী বাহিনী তদন্তকারী কর্মকর্তা মো. হারুন অর রশিদ ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেককে অশ্লীল ভাষায় গালিগালাজও করেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমানের দাবি, একটি ভুল বোঝাবুঝির কারণে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

তবে উপজেলা শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ বলেন, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশে আদাবাড়ি গহের আলী উচ্চ বিদ্যালয়ে তদন্তে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান ও সাবেক সভাপতি শামসুল আলম অশ্লিল ভাষায় গালিগালাজ করে সরকারী কাজে বাঁধা সৃষ্টি করেন। এছাড়া সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের উপর হামলা করেছে।  ফলে তদন্ত না করেই চলে আসতে হয়েছে।

বিষয়টিতে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক বলেন, শিক্ষা অফিসার ও সহকারী প্রধান শিক্ষকের মাধ্যমে ঘটনার বিস্তারিত অবগত হয়েছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।