চট্টগ্রামে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২
আধিপত্য বিস্তারের জের ধরে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ইউএসটিসি) ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে দু’জন আহত হয়েছে। শনিবার দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিবিএ ও ইংরেজি বিভাগে অধ্যয়নরত ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- মো. তানভীর (২৪) ও হিমেল ঘোষ (২৩)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ বহিরাগত এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সংঘর্ষে আহত দু’জনকে হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন।
আহতদের সহপাঠী বলেন, বঙ্গবন্ধুর ছবি সংবলিত পাল্টাপাল্টি ব্যানার টাঙানো নিয়ে প্রথমে দু’গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। পরে কিছু বহিরাগত লোকজন যোগ দেয়ায় সংঘর্ষের ঘটনা ঘটে। এক গ্রুপ অপর গ্রুপের লোকজনের ওপর লাঠি, লোহার রড, হকিস্টিকসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। বহিরাগতরা সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনের অনুসারী।
খুলশী থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন বলেন, ইউএসটিসিতে সংঘর্ষের খবরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।