কারাবন্দি ৩ ক্যান্টিনবয়, ‘নির্দেশদাতা’ ছাত্রলীগ নেতা বাইরে
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সদ্য বিদায়ী এক নেতার ‘বলির পাঠা’ হয়ে ১৬ দিন যাবত জেলে আছে ৩ ক্যান্টিনবয়। ছাত্রলীগ নেতার হুকুমে গত ১৯ অক্টোবর দুর্গাপূজার দশমীর রাতে ভোর চারটায় ঢাবির হলে কর্মরত ৩ ক্যান্টিনবয় ঢাকেশ্বরী মন্দিরে ‘চুরি করা ক্যাবল তার’ ট্রাকে তুলতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে। এরপর পুলিশ তাদের আটক করে আদালতে হাজির করে। পরে নেয়া হয় রিমান্ডে। বর্তমানে তারা কেরানীগঞ্জের জেল হাজতে আছে বলে জানা যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সেলিম, দুলাল এবং মিজান। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের এস এম হলের ক্যান্টিনে কাজ করতো। আর অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম নাহিদ হাসান সুজন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য বিদায়ী ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক। বর্তমানে তিনি রাজনীতি করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সাথে।
জানা যায়, দুর্গাপূজার দশমীর রাতে চার বন্ধু একসাথে ঢাকেশ্বরী মন্দির ও ঢাবির জগন্নাথ হলের মন্দির ঘুরে আনুমানিক রাত দেড়টার দিকে হলে ফিরে। ফেরার পর চারজনই হলের মাঠে বসে আড্ডা দেয় রাত প্রায় আড়াইটা পর্যন্ত।
আড্ডা শেষ করে ঘুমানোর উদ্দেশ্যে তারা যখন ক্যান্টিনে যাচ্ছিল ঠিক তখনি মোটরসাইকেল নিয়ে মাঠে উপস্থিত হন নাহিদ হাসান সুজন। মোটরসাইকেল থেকে নেমে তাদের সাথে কথা বলতে থাকেন ছাত্রলীগের এই নেতা। সুজন বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ সেশনের আরবি বিভাগের শিক্ষার্থী।
এমন সময় নাহিদের ফোন বেজে ওঠে। ফোনের অপর প্রান্ত থেকে কি বলা হচ্ছে সেটা শোনা না গেলেও সুজনের উত্তরে প্রকৃত ঘটনা বুঝতে পারে চারবন্ধু। ফোনে সুজন বলেন, ‘তোরা কাজটি তাড়াতাড়ি শেষ কর, দেরি হলে আবার সমস্যা হবে’। এর কয়েক সেকেন্ড পর সুজন আবার ফোনে বলেন, ‘ঠিক আছে আমি চারটা ছেলে পাঠাচ্ছি, তাদের নিয়ে কাজটা দ্রুত শেষ করে ফেল।’
তারপর ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে নাহিদ তাদের বলেন, ‘কিছু রড ঢাকেশ্বরী মন্দিরের পাশে রাখা আছে। তোরা গিয়ে একটি ট্রাকে তুলে রডগুলো নিয়ে আসবি। সেখানে আরো কয়েকটা ছেলে আছে। ভয়ের কোন কারণ নেই।’
নাহিদের এই কথা শুনে ভয় পেয়ে যান চারবন্ধু। তারা সবাই যেতে অস্বীকৃতি জানায়। কিন্তু তাদের বিভিন্ন ধরণের ভয় দেখিয়ে বাধ্য করে। আর বলে তোদের কিছু হবে না আমি সব ম্যানেজ করব। যদি না যায় তাহলে তাদের চুরি করা বা গাঁজা খাওয়ার কথা বলে হল থেকে বের করে দেয়ার হুমকি দেয় সুজন। একপর্যায়ে মন্দিরে যাওয়ার জন্যে একটা রিকশা ভাড়া করে দেন নাহিদ। এদের মধ্যে একজন অসুস্থ থাকায় বাকি ৩ জন সেদিকে যায়। পরবর্তীতে সেখানে গিয়ে পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়ে তারা।
পুলিশের জিজ্ঞাসাবাদে এ ৩ জন ক্যান্টিনবয় নাহিদ হাসান সুজনের নাম বলে দেয়। পরে মামলার এজাহারে আসামী হিসেবে অন্তর্ভূক্ত করা হয় ৩ ক্যান্টিন বয়, ট্রাক ড্রাইভার, ট্রাকের হেলপার ও সুজনকে। অন্য আসামীরা আটক থাকলেও এখনও পুলিশের চোখের সামনে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন নাহিদ। মামলা নম্বর ৪১, শাহবাগ থানা।
এ বিষয়ে শনিবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১২ টায় নাহিদ হাসান সুজনের সাথে কথা হয় দ্যা ডেইলি ক্যম্পাসের। তিনি এ বিষয়ে বলেন, ‘ওই ছেলেগুলোর সাথে আমার কোন কথাই হয়নি। আমি যখন শুনতে পেলাম ৩ জন ছেলেকে ধরছে তখন আমাকে ওখানকার ঠিকাদার কল দেয়। পরে শুনি মামলায় আমার নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন আমার নাম কেন অন্তর্ভুক্ত করা হয়েছে আমি জানি না। ওরা কেন আমার নাম বলেছে, নাকি আমার নাম বলানো হয়েছে বুঝতে পারছি না। হয়তো পলিটিক্যাল গ্রুপিংয়ের কারণে কেউ আমার নাম বলে থাকতে পারে।
এ বিষয়ে কথা বলতে কয়েকবার কল দেয়া হলেও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী কল ধরেননি।