২৩ অক্টোবর ২০১৮, ১৪:০৬

নারায়ণগঞ্জে প্রথম ও দশম শ্রেণির দুই স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথকভাবে ১০ম ও প্রথম শ্রেণির দুই স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। দুই ধর্ষণের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ফতুল্লার দেলপাড়া টাওয়ার পাড় ও দাপা ইদ্রাকপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- দাপা ইদ্রাকপুর এলাকার কোচিং সেন্টারের শিক্ষক তাপস (৪০) ও দেলপাড়া টাওয়ার পাড় এলাকার মনির হোসেন (৪৫)।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, দাপা ইদ্রাকপুর এলাকায় একটি কোচিং সেন্টারে রোববার দুপুরে ১০ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে শিক্ষক তাপস। এ ঘটনায় তাপসকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

এদিকে, ১৯ অক্টোবর দুপুরে ফতুল্লার দেলপাড়া টাওয়ার পাড় এলাকায় ১০ টাকা দিয়ে নিজের মুরগির খামারে নিয়ে প্রথম শ্রেণির এক শিশুকে ধর্ষণ করে মনির হোসেন। পরে শিশুর পরিবার থানায় অভিযোগ করলে মনিরকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানা পুলিশের ওসি মঞ্জুর কাদের বলেন, দুই ধর্ষণের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।