এবার বেরোবিতে কোটা আন্দোলনকারীদের উপর হামলা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) চলমান কোটা সংস্কার আন্দোলনের বিক্ষোভ মিছিলর উপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে বেশ কয়েকজন আন্দোলনকারীদের আহত হয়েছে বলে জানা গেছে। বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ হামলা চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
হামলায় গুরুতর আহত অবস্থায় রাশিদুল হাসানকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে কোটা সংস্কারের দাবীতে বেলা ১১টার দিকে রাসেল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারী শিক্ষার্থী। এ সময় মিছিলে আন্দোলনকারীদের ওপর হামলা চালান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মী। হামলায় আন্দোলনকারী শিক্ষার্থী ব্যাপক মারধর করা হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এতে রাশিদুল হাসানসহ অনেক আন্দোলনকারী শিক্ষার্থী আহত হন। রাশিদুল হাসানকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
কোটা সংস্কার আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. রোকনুজ্জামান বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালিয়ে পুলিশের সামনেই মারধর করে।
এদিকে হামলার অভিযোগ অস্বীকার করে বেরোবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল শেখ বলেন, আন্দোলনকারীদের মধ্যে অধিকাংশই বহিরাগত ছিল। তারা ক্যাম্পাসে বিশৃঙ্খলা করার চেষ্টা করছিল। তাই সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ তাদের প্রতিহত করেছে।
প্রক্টর অধ্যাপক আবু কালাম মো. ফরিদুল ইসলাম বলেন, হামলায় এক শিক্ষার্থী আহত হয়েছে বলে শুনেছি। আমরা আহতদের সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছি।