ধর্ষণের হুমকিদাতাদের শাস্তির দাবিতে জাবিতে মানববন্ধন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের হুমকির প্রতিবাদ ও হুমকিদাতা ছাত্রলীগের নেতাকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরর শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বৃষ্টি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের এমর একুশ’র পাদদেশে এ মানববন্ধন করে সরকার ও রাজনীতি বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী। মানববন্ধন শেষে একই দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক কে এম মহিউদ্দিন ও দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূ্ইয়া মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন চলাকালে অধ্যাপক কে এম মহিউদ্দিন বলেন, ‘এই অপরাধীদের শনাক্ত করে বিচারের ব্যবস্থা করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে নজির স্থাপন করতে হবে। পরবর্তীতে যেন এ ধরনের অপরাধ করার সাহস আর কেউ না পায়।’
অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূইয়া বলেন, ‘বিচার হয় না বলেই প্রতিনিয়ত এই নিপীড়ন চলতে থাকে। বিশ্ববিদ্যালয়গুলো নিপীড়ন করার অভয়ারণ্য হয়ে গেছে। শিক্ষার্থীরা হলে লাঞ্ছিত হচ্ছে, পথেঘাটে লাঞ্ছিত হচ্ছে। আমরা শিক্ষকরা রাস্তা দিয়ে হাঁটতে পারি না। কিছু কিছু শিক্ষার্থীদের মাঝে যে মানসিকতা তৈরি হচ্ছে, যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ তৈরি হচ্ছে, এগুলো বিশ্ববিদ্যালয়কে বসবাসের অনুপযোগী জায়গায় পরিণত করছে।’