রাজধানীতে আইনজীবীর সহকারীকে পিটিয়ে হত্যা
রাজধানীর শান্তিনগরে এক তরুণকে মারধরে বাধা দেওয়ায় আইনজীবীর সহকারীকে পিটিয়া হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাত ১১টার দিকে শান্তিনগরে আবেদ হোল্ডিং নামে একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী যুবকের নাম মো. খালেদ শেখ (২৬)।
খালেদের বন্ধু সজীব বলেন, খালেদের বন্ধুর ছোট ভাইকে চোর সন্দেহে আটকে ভবনের নিরাপত্তা কর্মীসহ ১০ থেকে ১৫ জন মারধর করছিল। সেখানে গিয়ে তিনি বাধা দেন। ছেলেটি কোনো অপরাধ করলে পুলিশের হাতে তুলে দিতে বলেন।
তার ভাষ্য, এ সময় খালেদকেও কিল ঘুষি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মেরে জখম করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খালেদের বড় ভাই শাকিল শেখ বলেন, তাদের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার জাফরা কান্দি গ্রামে। ঢাকায় রামপুরা হাই স্কুল রোডের ভাড়া বাসায় থাকেন।
পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, খালেদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।