০৬ মে ২০২৩, ১০:১৬

পিসি কলেজের ইট চুরি করে বিক্রির চেষ্টা ট্রাক জব্দ

বাগেরহাট সরকারি পিসি কলেজ  © টিডিসি ফটো

বাগেরহাট সরকারি পিসি কলেজের হোস্টেলের ভেতর থেকে একটি ইট বোঝাই ট্রাক জব্দ করা হয়েছে। শুক্রবার (৫ মে) বিকেল ৩টায় হোস্টেলের একটি টিনসেড ভবনের পুরোনো ইট বোঝাইয়ের সময় পুলিশকে খবর দেয় কলেজ কর্তৃপক্ষ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়।

জানা গেছে, সম্প্রতি হোস্টেলের অভ্যন্তরে থাকা একটি টিনসেড ভবন ভাঙ্গা হয়েছে। ওই জায়গায় দুটো কক্ষ করার জন্য সরকারি বরাদ্দ এসেছে। কক্ষের কাজ যাতে দ্রুত হয় এজন্য কলেজের কিছু ছাত্র টিনসেড ভবনের নিচে থাকা ইটগুলো কয়েকদিন ধরে সরিয়ে নিচ্ছিল। বিকেলে প্রায় ২ থেকে ৩ হাজার ইট বোঝাই করা হয়েছিল ট্রাকটিতে। ধারণা করা হচ্ছে ইটগুলো গোপনে কেউ বিক্রি করার চেষ্টা করেছে। কে বা কারা এই ইট বিক্রি বা পাচারের চেষ্টা করছিল তা কিছু জানা যায়নি।

আরও পড়ুন: বিস্ফোরণে দগ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাওন মারা গেছেন

কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ আলম ফরাজী বলেন, কলেজ হোস্টেলের অভ্যন্তর থেকে ট্রাকে পুরাতন ইট বোঝাই করে নিয়ে যাচ্ছিল দুর্বৃত্তরা। আমরা দেখতে পেয়ে তাৎক্ষনিক পুলিশকে খবর দেই।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, কলেজ কর্তৃপক্ষ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পৌঁছানোর আগেই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। কলেজ কর্তৃপক্ষ অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।