১১ নভেম্বর ২০২২, ১১:২৬

শিক্ষককে পেটানোর পর সাবেক ছাত্র গ্রেপ্তার

ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া আলামিন  © সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়ার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করেছিলেন শিক্ষক মো. তোফাজ্জল হোসেন। এর জেরে তাকে মারধর করার অভিযোগে দুই সাবেক ছাত্রের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ঢাকা থেকে আলামিন নামের ওই তরুণকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানার পুলিশ। সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বাদী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বজলুর রহমান এতে সন্তোষ প্রকাশ করে বাকি আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন। এর আগে বিদ্যালয়ের সামনের সড়কে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে মানববন্ধনে শিক্ষক নেতারা হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টা আল্টিমেটাম দেন।

আরো পড়ুন: মাদক কারবারির হাতে খুন হন ফারদিন! 

গত বুধবার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তোফাজ্জল হোসেনকে ডেকে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে সাবেক ছাত্র আলামিন (২১) ও রমজান আলী সজলের (২১) বিরুদ্ধে। তোফাজ্জল হোসেন সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, আলামিনকে ভোর ৪টার দিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।