৩০ মে ২০২১, ১২:১৮

১০ হাজার কনস্টেবল নেবে বাংলাদেশ পুলিশ

কনস্টেবল পদে পুলিশে চাকরি  © সংগৃহীত

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রায় ১০ হাজার কনস্টেবল নেবে বাংলাদেশ পুলিশ। জুন মাসেই নিয়োগের নতুন এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশের মানবসম্পদ বিভাগ।

জানা গেছে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। কয়েকটি বিষয় চূড়ান্ত হলে জুন মাসের মাঝামাঝি সময়েই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এবার কনস্টেবল পদে আবেদনের জন্য শিক্ষাগত ও শারীরিক যোগ্যতায় কিছুটা পরিবর্তন আনা হবে। কনস্টেবল আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা এইচএসসি করা হতে পারে বলে জানা গেছে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

এছাড়া, এবার নিয়োগের ক্ষেত্রে উচ্চতা ও বুকের মাপে কিছুটা পরিবর্তন আনা হতে পারে বলে জানা গেছে। এতদিন পুরুষদের কনস্টেবল হওয়ার জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি ও নারীদের জন্য ৫ ফুট ২ ইঞ্চি ছিল। এবার নিয়োগ বিজ্ঞপ্তিতে নারীদের উচ্চতার মানদণ্ড ৫ ফুট ৪ ইঞ্চি করা হতে পারে। আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছর।

পুলিশ সদরদফতরের এক কর্মকর্তা জানান, নিয়োগ প্রক্রিয়া শুরুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। নিয়োগবিধিতে কিছু সংশোধন আনা হচ্ছে। সেটি এখনও অনুমোদিত হয়নি। সংশোধনী অনুমোদন ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে জুন মাসের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে।

এ বিষয়ে পুলিশ সদরদফতরের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা বলেন, ‘নিয়োগ ও নিয়োগপ্রক্রিয়াকে স্বচ্ছ করতে নিয়োগবিধিতে কিছু সংশোধনী আনা হচ্ছে। সংশোধনীগুলো চূড়ান্ত হলেই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগপ্রক্রিয়া শুরু করা হবে।’