উত্তীর্ণ ২৫৩ এনটিআরসিএ পরীক্ষার্থীর নিয়োগ নিয়ে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৩তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ২৫৩ জনকে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ ও মাদরাসা) শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশ করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। শিক্ষা সচিবসহ (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) সংশ্লিষ্ট সাতজনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রুল জারি করেন।
মো. সুমন, মো. সাইফুল্লাহ্, কামরুন নাহার, জেসমিন আক্তারসহ ২৫৩ জনের করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়।
আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল নাছিমুল ইসলাম।
হাইকোর্ট ২০১৭ সালের ১৪ ডিসেম্বর এক রায়ে ৯০ দিনের মধ্যে একটি জাতীয় মেধা তালিকা করতে এনটিআরসিএ-কে নির্দেশ দেন হাইকোর্ট। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) এ অনুযায়ী সংশ্লিষ্টদের সনদ দিতে বলা হয়।
রায়ে বলা হয়, এনটিআরসিএ নিয়োগের উদ্দেশ্যে যদি কোনো সুপারিশ করে তবে তা ৬০ দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। সনদধারীদের নিয়োগ না হওয়া পর্যন্ত সনদ বহাল থাকবে। হাইকোর্ট মোট ৭ দফা নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় ১৩তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা নিয়োগের জন্য আদালতের দারস্থ হন।