০৩ মে ২০১৯, ১২:২৩

ভয়ঙ্কর ‘ফণী’র কারণে বিসিএস পরীক্ষা অনিশ্চিত ৩ শতাধিক প্রার্থীর

  © সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট সুপার সাইক্লোন ‘ফণী’র কারণে সকল প্রকার নৌযান চলাচল বৃহস্পতিবার থেকে বন্ধ ঘোষণা করা হয়। সে প্রেক্ষিতে ভোলা-বরিশাল, ভোলা-ঢাকা নৌ-রুটে ভেদুরিয়া ঘাটে নৌযান চলাচল বন্ধ থাকার কারণে এবারের ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে পারছেন না প্রায় ৩ শতাধিক পরীক্ষার্থী। অনেক প্রার্থীর কেন্দ্র ঢাকা এবং বরিশাল হওয়ার জন্য পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

এর আগে সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার সকালে নৌযান বন্ধ হওয়ার পর অনেক পরীক্ষার্থী আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা ভেদুলিয়া ফেরিঘাট থেকে একটি বিশেষ ফেরিতে সন্ধ্যায় প্রায় দুই শতাধিক পরীক্ষার্থীকে লাহারহাট হয়ে বরিশালের পাঠিয়েছি। এছাড়াও শুক্রবার ভোরে আরও পরীক্ষার্থীকে পাঠানো হবে।

তিনি আরও বলেন, ভোলায় প্রায় এক হাজার পরীক্ষার্থী থাকলেও সঠিক সময় যোগাযোগ না করায় পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে অনেকের। এছাড়াও অনেক পরীক্ষার্থী ঢাকায়ও পরীক্ষা দেয়ার কথা থাকলেও তারাও ঢাকায় যেতে পারছেন না।

এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) চেয়ারম্যান ড. মো. সদিক বলেন, ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পেছাচ্ছে না। শুক্রবারই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণী’ শুক্রবার (৩ মে) বাংলাদেশে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় ‘ফণী’র আঘাত থেকে রক্ষায় শুক্রবারের মধ্যে উপকূলের মানুষদের নিরাপদ আশ্রয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।