সন্ধ্যার মধ্যেই সাক্ষাৎকার দিয়ে চাকরির সুযোগ
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আজ দ্বিতীয় ও শেষ দিনের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘বিপিও সামিট বাংলাদেশ-২০১৯’। অনুষ্ঠিত এ সামিটে সরাসরি লোকবল নিয়োগ দিচ্ছে স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) প্রকল্প। এতে সরাসরি প্রার্থীগণ সাক্ষাৎকার দিয়ে চাকরির সুযোগ পাবেন আজ সোমবার দুপুর ১ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এ প্রকল্পকে বাস্তবায়ন করতে সহায়তা করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউট সোর্সিং (বাক্য)। এতে বাক্যকে অর্থায়ন করছে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় ও এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)।
গতকাল রোববার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ হয়। এদিন ৫৭৪ জনের সাক্ষাৎকার নিয়েছে বাক্য। এর মধ্যে ৩০জনকে সেখানেই চাকরি দেয়া হয়েছে। অভিজ্ঞতা নেই এমন ১৭০ জন প্রার্থীর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বাকীদের থেকে কিছু বাদ পড়েছেন এবং কিছু সাক্ষাৎকারদাতা চাকরি করবেন কি না - এ সিদ্ধান্ত পরবর্তীতে জানাবেন বলেও জানা গেছে।
সূত্র জানিয়েছে, আজ সোমবার সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি প্রত্যাশী প্রার্থীদের চাকরি দেয়া হবে। দুপুর ১টা থেকে সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে সাক্ষাৎকারদাতাদের সঙ্গে অবশ্যই জীবনবৃত্তান্ত (সিভি) নিয়ে আসতে হবে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউট সোর্সিংয়ে (বাক্য) অধীন এসইআইপি প্রকল্পের কো-অর্ডিনেটর মনিটরিং অ্যান্ড এভালোয়েশন কর্মকর্তা মো. রিপন আলম জানান, গতকাল রোববার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমাদের ‘অন জব স্পট ইন্টারভিউ’ চলে। সেখানে ২০টি প্রতিষ্ঠানের মানব সম্পদ (এইচআর) বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকারের মাধ্যমে যাদের চাকরি হচ্ছে তাদের বেতন প্রাথমিকভাবে ধরা হচ্ছে সাড়ে ৯ হাজার থেকে ২৫ হাজার টাকা।
তিনি আরও বলেন, আমাদের এসইআইপি প্রকল্প ২০১৬ সাল থেকে শুরু হয়। তখন আমাদের ১১টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ছিল। ২০১৮ সালে আমাদের ২০টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়। আমাদের অধীনে এসব প্রতিষ্ঠানে প্রশিক্ষণ দিয়ে দক্ষ লোকবল নিয়োগ দেয়া হচ্ছে। যারা আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নেয়, তাদের আমরাই চাকরির ব্যবস্থা করে দিই এসব প্রতিষ্ঠানে।
এ প্রশিক্ষণের জন্য বাক্যকে অর্থায়ন করে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় ও এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাক্য পাঁচটি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। সেগুলো হলো- প্রফেশনাল কল সেন্টার সার্ভিস, প্রফেশনাল ব্যাক অফিস সার্ভিস, প্রফেশনাল ডিজিটাল কনটেন্ট ম্যান্টমেন্ট, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং আউটসোর্সিং ও মেডিক্যাল স্ক্রাইব।
বাক্যর সঙ্গে চুক্তিবদ্ধ থাকা ২০টি প্রতিষ্ঠানের মধ্যে একটি হলো- সার্ভিস সলিউশন প্রাইভেট লিমিটেড (এসএসএল)। প্রতিষ্ঠানটির সেন্টার ইনচার্জ মনজের হুসাইন জানান, এ মুহূর্তে আমাদের কল সেন্টার এজেন্ট প্রয়োজন। সাক্ষাৎকারদাতাদের মধ্যে যারা আমাদের এ পদের জন্য যোগ্য বলে আমার কাছে প্রাথমিকভাবে মনে হবে, তাকে নির্বাচন করব। এরপর আরও দুই ধাপে তার সাক্ষাৎকার নিয়ে আমরা তাকে নিয়োগ দেব।
বাক্যর কর্তৃপক্ষ জানিয়েছে, এসইআইপি প্রকল্পের আওতায় ওই ২০ প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পরবর্তীতেও থাকবে। এ জন্য প্রশিক্ষণ নিতে হবে। যোগাযোগ করতে হবে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে।