রোহিঙ্গা ক্যাম্পে চাকরির দাবিতে আন্দোলন, সড়ক অবরোধ
কক্সবাজারের উখিয়া উপজেলার স্থানীয় বাসিন্দারা আগের দেয়া আল্টিমেটাম শেষে চাকরির দাবিতে রাস্তায় নেমেছেন। অবরোধে নামা স্থানীয়দের বাধার মুখে রোহিঙ্গা ক্যাম্পে যেতে পারেননি এনজিও কর্মীবাহী কোনও যানবাহন।
সোমবার সকাল থেকে স্থানীয়রা চাকরির দাবিতে কক্সবাজার-টেকনাফ আরকান সড়কের কোটবাজারে অবরোধ করেন। অবরোধের কারণে রোহিঙ্গা ক্যাম্পমুখি এনজিওদের কয়েক শত গাড়ি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ক্যাম্পে যেতে ব্যর্থ হয়। ফলে তারা ফেরত যায়।
অবরোধের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। এসময় পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক লোকজন।
প্রায় তিন ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকার পর ঘটনাস্থলে হাজির হন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তাহিয়ান আদনান ও উখিয়ার অ্যাস্যিান্ড ফখরুল ইসলাম। তারা চাকরির আশ্বাস দেয়ার পর অবরোধ প্রত্যাহার করে আন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা জানান, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এনজিওতে বিদেশির পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের লোকজন চাকরি পেলেও স্থানীয়রা নানাভাবে উপেক্ষিত। অথচ রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে চরম ক্ষতিগ্রস্তের স্বীকার স্থানীয়রা। বিভিন্ন দেনদরবার ও তদবিরের মাধ্যমে আগে কিছু স্থানীয়রা চাকরি পেলেও অধিকাংশকে আবার কৌশলে বের করে দেয়া হয়েছে। তাদের পরিবর্তে কিছু রোহিঙ্গা ও ভিন্ন জেলার লোকজনকে দিয়ে কাজ করানো হচ্ছে। এতে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, চাকরির দাবিতে গত দুই মাস ধরে আন্দোলন করে আসছি আমরা। প্রশাসনের পক্ষ থেকে বারবার চাকরির আশ্বাস দেয়া হলেও কাজের মতো কিছুই হয়নি। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরুল ইসলাম বলেন, চাকরির দাবিতে সকাল থেকে স্থানীয়রা রাস্তায় অবরোধ করে আসছে। কিন্তু চাকরির আশ্বাস দিলে তিন ঘণ্টা পরে আবার অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।