২৬ নভেম্বর ২০১৮, ২১:২৮

৩৭তম বিসিএসের নন-ক্যাডার পদে আবেদন চলছে

  © ফাইল ফটো

৩৭তম বিসিএসে নন–ক্যাডার তালিকা থেকে প্রার্থীদের নিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সে লক্ষ্যে পদ স্বল্পতার কারনে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নয় এমন প্রার্থীদের থেকে  নন–ক্যাডার পদে অনলাইন আবেদন আহবান করা হয়েছে।  রবিবার থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। চলেবে ১১ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৭তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উর্ত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারনে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নয় এমন প্রার্থীর সংখ্যা ৩ হাজার ৪৫৪ জন। সরকারি বিধিমালা অনুযায়ী ৩০ জুলাই বিভিন্ন মন্ত্রণালয়গুলো থেকে পাওয়া চাহিদা পত্র সাপেক্ষে নন ক্যাডার পদে সরকারি কর্ম কমিশন কর্তৃক সুপারিশ প্রদানের লক্ষ্যে সুপারিশপ্রাপ্ত নয় এমন প্রার্থীরা নির্ধারিত সময়ে আবেদন করতে পারবে।

পিএসসি সূত্র জানায়, গত ১২ জুন ৩৭তম বিসিএসে ১ হাজার ৩১৪ জনকে ক্যাডার হিসেবে সুপারিশ করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে সাধারণ ক্যাডার হয়েছেন ৪৬৫ জন, সহকারী সার্জন হয়েছেন ২৭২ জন, ডেন্টাল সার্জন হয়েছেন ৫১ জন। অন্যান্য কারিগরিতে ক্যাডার হয়েছেন ৩১৬ জন এবং শিক্ষা ক্যাডার হয়েছেন ২১০ জন।

এ ছাড়া ৩ হাজার ৪৫৪ জনকে নন–ক্যাডারে অপেক্ষমাণ রাখা হয়েছে। পদ পাওয়া সাপেক্ষে তাদের নিয়োগ দেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ১১ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়। শেষ হয় গত বছরের ২৩ মে। এই পরীক্ষায় ৫ হাজার ৩৭৯ জন পাস করেন। ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। প্রাথমিক বাছাই পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। তবে লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ৩১ জন।

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।