২১ অক্টোবর ২০১৮, ২০:৪২

পদোন্নতি পাচ্ছেন ৫৬৬ সহকারী অধ্যাপক

পদোন্নতি পাচ্ছেন দেশের বিভিন্ন সরকারী কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের ৫৬৬ জন সহকারি অধ্যাপক। চলতি সপ্তাহে তাদেরকে সহকারী থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির আদেশ জারি হতে পারে। গত সপ্তাহে দুই দফায় শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের বিভাগীয় পদোন্নতি কমিটির সভায় শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

জানা যায়, মামলার কারণে সৃষ্ট গ্রেডেশন তালিকা জটিলতায় ১৮টি মহিলা কলেজের শিক্ষকদের জন্য কিছু পদ শূন্য রাখা হবে। এ পদগুলোর বিপরীতে এখনই পদোন্নতি না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে আদালতের দেয়া স্থিতিবস্থার কারণের টিটিসির কেনো শিক্ষককেই আপাতত পদোন্নতি দেয়া হবে না বলে জানিয়েছেন সভায় উপস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ শামছুল হুদা বলেন, শিগগিরই এসব কর্মকর্তার পদোন্নতির আদেশ জারি করা হবে। তবে এখনই পদায়ন করা হবে না।