প্রবাসীদের সন্তানের শিক্ষার জন্য স্কুল প্রতিষ্ঠা করা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের সন্তানদের শিক্ষার বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, প্রবাসী কল্যাণ তহবিল থেকে প্রবাসীদের সন্তানদের জন্য স্কুল প্রতিষ্ঠায় তহবিল ব্যবহৃত হবে। আর সেই স্কুলগুলো এই তহবিল দিয়েই চলবে। কেননা প্রবাসীদের টাকা দিয়েই এই তহবিল গঠন করা হয়। আমাদের এটি মনে রাখতে হবে।’ বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় বিকেলে বাংলাদেশ কনস্যুলেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণ তহবিলকে অন্য কোনো উদ্দেশ্য নয়, প্রবাসীদের কল্যাণে কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, ‘বৈদেশিক অর্থের বড় অংশই আসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে। আমাদের দূতাবাস ও মিশনগুলো তাদের অর্থেই পরিচালিত হয়। তাই আমি চাই প্রবাসী কল্যাণ তহবিল তাদের কল্যাণেই ব্যবহৃত হোক।’
মদিনায় বাংলাদেশি স্কুল বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই স্কুল বন্ধ হবে না। এটি চালু থাকবে। এজন্য যত টাকা দরকার আমি দেব।’ এ সময় তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবকে এ ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মোশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী জেদ্দায় ফলক উন্মোচনের মাধ্যমে বাংলাদেশ কনস্যুলেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।